কোনো কোনো দিন খুব একাকী লাগে।
যদিও মানুষ হিসেবে আমরা স্বভাবতই খুব একা!
তবুও ইচ্ছে করে কাউকে ডেকে বলি;
ভয় পাচ্ছি, আমাকে খানিক সঙ্গ দিন,
আজ রাতটুকু সঙ্গে থাকুন।
কিন্তু খানিক সঙ্গ পাওয়া যাবে
এমন কোনো মুখ মনে করতে পারি না!
কেউ কেউ ইচ্ছে থাকলেও আসতে পারে না।
অথচ এটা দুনিয়ার জীবন।
এখানে আলো আছে। আকাশ আছে।
চাইলেই কাউকে ডাকা যায়।
‘ভীষণ ভয় পাচ্ছি’ এই কথা জানান দেওয়া যায়।
তারপরও উপযুক্ত সঙ্গের জন্য হাহাকার!
তাহলে কবরে আমার কী হবে!
যেখানে আলো নেই— আকাশ নেই।
যেখানে শত ডাকলেও কোনো সাড়া নেই!
‘ভয় পাচ্ছি’ এই কথা জানান দেবার সুযোগ নেই!
আমি তাই দুনিয়ার নিঃসঙ্গতায় বসে
কালো কবরের সঙ্গ তালাশ করি।
দুনিয়ার আলো আর আকাশকে কাজে লাগিয়ে
আলোহীন কবরে আলোকিত আকাশের সন্ধান করি।
মনে পড়ে; সাবধানতার বাণী— মৃত্যুর নিয়মকানুন;
‘ওয়ালা তামু’তুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন’।
__মৃত্যুর নিয়মকানুন